জাতীয়

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে অংশ নিয়েছে ৬৫ হাজারের বেশি স্কুল: মাহদী আমিন

আপডেট: জুন ২১, ২০২৬ : ০৫:১০ এএম
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে অংশ নিয়েছে ৬৫ হাজারের বেশি স্কুল: মাহদী আমিন

এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশের ৬৫ হাজারের বেশি বিদ্যালয় অংশ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, এবারের টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১১ লাখ বালক ও ১১ লাখ বালিকা রয়েছে। সারা দেশে এ প্রতিযোগিতায় এক লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, অংশগ্রহণকারীর সংখ্যা বিবেচনায় এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ফুটবল আয়োজন। এ আয়োজনের মাধ্যমে দেশের শিশুদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হয়েছে।

মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করবে না, বরং ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠাও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, টুর্নামেন্টে যারা বিজয়ী হয়েছে, তাদের পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই এ আয়োজনের অংশীদার। এই অর্জন ২২ লাখ শিক্ষার্থীর সম্মিলিত অর্জন।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে এসব খুদে খেলোয়াড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!