জাতীয়

রাজধানীর অপরাধ দমনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: জুন ২১, ২০২৬ : ০৫:১৫ এএম
রাজধানীর অপরাধ দমনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে সরকার স্বচ্ছ নীতি অনুসরণ করছে। গাজীপুরের সাবেক সিটি করপোরেশন কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের বিষয়টি আইন ও বিভাগীয় বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অভিযোগের তদন্ত শেষে সংশ্লিষ্ট কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোংলায় কোস্টগার্ড ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে মন্ত্রী বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যু দমনে কোস্টগার্ড নির্ধারিত কার্যপদ্ধতি অনুসরণ করে কাজ করছে। সাম্প্রতিক ঘটনাও আইন অনুযায়ী মোকাবিলা করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আগামী ২৩ জুন একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে পুলিশের সতর্ক অবস্থান সম্পর্কে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় নথিপত্র দ্রুত প্রস্তুত করে কূটনৈতিক মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে ড্রেন থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ করায় ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামানকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে ‘পুরস্কার ও শাস্তি’ নীতি কার্যকর করা হয়েছে। দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার স্বীকৃতি দেওয়া হচ্ছে, একই সঙ্গে অনিয়ম বা গাফিলতির ক্ষেত্রে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!