শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে দুই দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দক্ষতা উন্নয়নভিত্তিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের শিক্ষাখাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে দুই দেশই কাজ করছে এবং বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা আরও জোরদার করা যেতে পারে।
এ সময় তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কার্যক্রম পরিদর্শনের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎ শেষে বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়ন এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামন্ত্রীর হাতে ১ হাজার ফুটবল তুলে দেন পাকিস্তানের হাইকমিশনার।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!