জাতীয়

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৬:৩৬ এএম
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে এবং দ্রুত শ্রমবাজার পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ, ন্যায্য ও ব্যয়সাশ্রয়ী হয়—এ বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে।

সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, আইসিটি, কৃষি, হালাল শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়েছে।

তারেক রহমান রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার, আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আরসিইপি-তে যোগদানের আগ্রহ নিয়েও আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!