বাংলাদেশের জাতীয় সংসদকে কার্যকর ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি। তিনি বলেছেন, বর্তমান সরকার ও বিরোধী দলের আস্থা অর্জনের মাধ্যমে সংসদের কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী এই সংসদ জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে পূর্ণ মেয়াদ সম্পন্ন করবে বলে তিনি আশাবাদী।
সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে সুইজারল্যান্ডের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে স্পিকার বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে দেশটির অব্যাহত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে আন্তঃসংসদীয় টিম গঠন করে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাবও দেন তিনি।
স্পিকার বলেন, উন্নয়ন সহযোগিতার পাশাপাশি Inter-Parliamentary Union–এর মাধ্যমে দুই দেশের সংসদীয় কার্যক্রম আরও জোরদার করা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জনগণের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা সম্ভব।
জবাবে রাষ্ট্রদূত রেটো রেংলি বলেন, বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং বেসরকারি উন্নয়ন কার্যক্রমে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে। সংসদীয় অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও সুইজারল্যান্ড উভয় দেশই উপকৃত হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!