জাতীয়

আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: জুন ২৩, ২০২৬ : ০৫:০৮ এএম
আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থার আওতায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু তৎপরতা বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গেছে। বিভিন্ন জেলায় দলটির পক্ষ থেকে মিছিল-সমাবেশের উদ্যোগ নেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত। তবে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সেনা সদস্যদের আইন অনুযায়ী প্রয়োজনীয় বেসামরিক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা মাঠপর্যায়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারেন। তিনি জানান, প্রয়োজন অনুযায়ী সরকার সেনাবাহিনী কিংবা বিজিবির সহায়তা নিয়ে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যেসব এলাকায় নাশকতা বা অপতৎপরতার আশঙ্কা রয়েছে, সেসব এলাকাকেই সেনা মোতায়েনের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!