মালয়েশিয়া থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখেই প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন।
মাহদী আমিন বলেন, মুক্তবাজার অর্থনীতির সম্প্রসারণ এবং অর্থনৈতিক উদারীকরণের অংশ হিসেবে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) দিকে এগোচ্ছে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন খাতে নিয়মকানুন সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ অংশীদার হতে পারে। বাংলাদেশের বৃহৎ ভোক্তা বাজার, ক্রমবর্ধমান চাহিদা এবং দক্ষ জনশক্তি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ সৃষ্টি করেছে।
মুখপাত্র বলেন, সরকারের লক্ষ্য শুধু বিনিয়োগ বাড়ানো নয়, সেই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করা। এ জন্য বিদেশি বিনিয়োগকারীদের নীতিগত সহায়তা দেওয়ার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পেট্রোনাস গ্রুপ, আজিয়াটা, এয়ারএশিয়া, পেরোডুয়া এবং এমএমসি ফোর্স।
মাহদী আমিন বলেন, মালয়েশিয়া সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!