চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় হয়েছে ৮ কোটি টাকার কিছু বেশি। একই সময়ে রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশন প্রতিষ্ঠানের ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি টাকারও বেশি।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উঠে আসে।
সংসদে দেওয়া তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে বিটিভির মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
এর মধ্যে বিজ্ঞাপন খাত থেকে আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। শুধু চলতি বছরই নয়, আগের কয়েক অর্থবছরেও বিটিভির আয়ের তুলনায় ব্যয়ের বড় ব্যবধান দেখা গেছে। সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার ও ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার ও ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ও ব্যয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
টেলিভিশন সংশ্লিষ্টরা বলছেন, দেশে বেসরকারি টিভি চ্যানেলগুলোর অনেকেরই আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি থাকলেও রাষ্ট্রায়ত্ত বিটিভির ক্ষেত্রে এই ব্যবধান তুলনামূলকভাবে অনেক বেশি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!