চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকালে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শুরু হওয়া সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়া আন্তর্জাতিক বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সংস্কার এবং অর্থনৈতিক সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। সরকারের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হবে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ (বৃহৎ পরিসরে উদ্ভাবন)। এতে সভাপতিত্ব করছেন ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনে অংশ নিলেন তারেক রহমান।
এর আগে মঙ্গলবার সম্মেলনস্থলে ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীলতা, টেকসই উন্নয়ন এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
বৈঠকে ডব্লিউইএফের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে আগামীতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান আলোইস জভিংগি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!