জাতীয়

ভঙ্গুর অর্থনীতি কাটিয়ে উঠতেই জনকল্যাণমুখী বাজেট: চিফ হুইপ

আপডেট: জুন ২৪, ২০২৬ : ০৫:৫৪ এএম
ভঙ্গুর অর্থনীতি কাটিয়ে উঠতেই জনকল্যাণমুখী বাজেট: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের বিদ্যমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই বর্তমান সরকার মানবিক, জনকল্যাণমুখী ও সাশ্রয়ী বাজেট প্রণয়নে গুরুত্ব দিয়েছে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএবি) আয়োজিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বাজেটকে কেবল সংখ্যার হিসাব হিসেবে না দেখে মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নীতিগত দলিল হিসেবে মূল্যায়ন করা উচিত। সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং তাদের মৌলিক চাহিদা পূরণই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

ব্যাংকিং খাতের প্রসঙ্গ টেনে মো. নূরুল ইসলাম বলেন, আগের সরকারের আমলে এমন একটি আইন করা হয়েছিল, যার ফলে কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানতকারী সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত পেতেন। কেন এমন আইন করা হয়েছিল, সে প্রশ্নও তোলেন তিনি। তাঁর ভাষ্য, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খাতের টেকসই সংস্কারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের কারণে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। ডলারের মূল্যবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাব সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

চিফ হুইপ বলেন, বাজেটের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার এবং অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। সমাজের অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি ও খাদ্য উৎপাদনে অবদানের কথা স্মরণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিও শ্রদ্ধা জানান।

এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ড. এ. কে. এম. ওয়ারেছুল করিম। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক, অর্থনীতিবিদ, গবেষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!