ঢাকায় অনুষ্ঠিত জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ইস্টের সাধারণ সভায় ২০২৬ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। এতে স্থানীয় সভাপতি (লোকাল প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা আক্তার হীরা। দীর্ঘ সময় পর তিনি সংগঠনটির এ শাখার প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।
গতকাল রোববার (২৮ জুন) অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদে নির্বাহী সহসভাপতি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান রাজীব। সাধারণ আইন উপদেষ্টা (জেনারেল লিগ্যাল কাউন্সেল) হয়েছেন আশিক এলাহী মজুমদার। সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাইনুল ইসলাম ও আহমেদ ইমতিয়াজ সামাদ। সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন ঈশা খান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান শুভ। স্থানীয় পরিচালক (লোকাল ডিরেক্টর) নির্বাচিত হয়েছেন ওমর ফারুক ও মো. জুবায়ের হোসিয়ান।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় পরিচালনা পর্ষদের কর্মকর্তারা, সিনেটর, সাবেক জাতীয় সভাপতি, সাবেক স্থানীয় সভাপতি, বিভিন্ন স্থানীয় সংগঠনের বর্তমান সভাপতিসহ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সালমা আক্তার হীরা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের আস্থার প্রতিদান দিতে তিনি নেতৃত্ব বিকাশ, সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক উদ্যোগ এবং তরুণদের জন্য অর্থবহ সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। তিনি জেসিআই ঢাকা ইস্টকে আরও কার্যকর ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের বৈশ্বিক অলাভজনক সংগঠন। নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে সংগঠনটি। জেসিআই বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকেই জেসিআই ঢাকা ইস্ট অন্যতম প্রতিষ্ঠাতা স্থানীয় সংগঠন হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
No comments yet. Be the first to comment!