ব্যয় সংকোচনের অংশ হিসেবে চলতি অর্থবছরের বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার বাজেট পাসের পর সংসদ ভবনে আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজ আয়োজন করা হচ্ছে না।
প্রতিবছর জাতীয় বাজেট পাসের দিন রাতে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ ভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আতিকুর রহমান রুমন বলেন, আগের সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে বছরে গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো। এর বাইরে বিভিন্ন সময়ে আরও ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০১৮–১৯ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।
তিনি আরও জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবার সরবরাহ করলেও আগের সরকারের সময়ের বিপুল অঙ্কের বিল এখনো বকেয়া রয়েছে। বর্তমান সরকার পর্যায়ক্রমে সেই অর্থ পরিশোধ করছে।
অতিরিক্ত প্রেস সচিবের ভাষ্য, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান আপ্যায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা। এছাড়া দুই ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে আপ্যায়ন বাবদ প্রায় ৯০ লাখ টাকা ব্যয় হয়েছে।
এদিকে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেট পাসের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সারাদিন কর্মব্যস্ত সময় কাটিয়েছেন বলেও জানান আতিকুর রহমান রুমন। তাঁর ভাষ্য, সকাল পৌনে ১০টায় সংসদে এসে প্রধানমন্ত্রী বাজেটের মঞ্জুরি দাবি, ভোট গ্রহণ ও আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেন। অধিবেশনের বিরতিতে তিনি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন এবং জরুরি ফাইলে সই করেন।
গত ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। মঙ্গলবার বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বাজেটটি পাস হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!