বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সরকার গঠিত অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চাওয়া হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, নির্বাচিত পরিষদের পরিবর্তে দীর্ঘ সময়ের জন্য অ্যাডহক কমিটি দিয়ে বার কাউন্সিল পরিচালনা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। তাই দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ সদস্যের অ্যাডহক বার কাউন্সিল গঠন করে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৪-এর ক্লজ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই কমিটি গঠন করা হয়।
পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এক বছরের জন্য গঠিত এই কমিটির মেয়াদ ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অ্যাডহক কমিটিতে জ্যেষ্ঠ আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক ধারার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত কয়েকজন আইনজীবীকে সদস্য করা হয়েছে। কমিটি গঠনের পর থেকেই আইনজীবীদের একটি অংশ এর বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রেক্ষাপটেই হাইকোর্টে এ রিট আবেদন করা হলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!