বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে মরক্কো। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উচ্চপর্যায়ের সফর বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও মরক্কো।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা আল কেরদুদি আল কুলালি। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে মরক্কোর রাষ্ট্রদূত বলেন, দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থান আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গড়ে তোলা যেতে পারে।
তিনি আরও বলেন, দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে মরক্কো আগ্রহী।
বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক অর্থনীতি, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপ এবং উচ্চপর্যায়ের সফর বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!