জাতীয়

মেয়ে পরীক্ষার হলে, তসবিহ হাতে বাইরে মায়ের অপেক্ষা

আপডেট: জুলা ০২, ২০২৬ : ০৫:২৬ এএম
মেয়ে পরীক্ষার হলে, তসবিহ হাতে বাইরে মায়ের অপেক্ষা

এইচএসসি পরীক্ষা দিতে মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর পর বাইরে তসবিহ হাতে দোয়া-দরুদ পড়ছিলেন মা ফরিদা ইয়াসমিন। মেয়ের ভালো ফলের প্রত্যাশায় উৎকণ্ঠা আর প্রার্থনায় কেটেছে তার সময়।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের সামনে এমন আবেগঘন দৃশ্য দেখা যায়। পরীক্ষা শুরুর পর কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন অসংখ্য অভিভাবক। তাদেরই একজন ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়েকে আমি নিজেই পড়িয়েছি। অষ্টম শ্রেণি পর্যন্ত বাসায় কোনো প্রাইভেট শিক্ষক রাখিনি। এসএসসিতেও সে ভালো ফল করেছে। আশা করছি, এবারও অনেক ভালো করবে।’

কেন্দ্রে প্রবেশের আগে অনেক পরীক্ষার্থীকে বাবা-মাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হতে দেখা যায়। সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে। এ সময় কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের সমমানের পরীক্ষাও। সব মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএম) শাখার বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূচি অনুযায়ী, এ বছর মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট। এরপর ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন কোর্সের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!