জাতীয়

নতুন দায়িত্বে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব

আপডেট: জুলা ০২, ২০২৬ : ০৫:৫৪ এএম
নতুন দায়িত্বে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব

সরকার জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে। নতুন গঠিত ২৪ সদস্যের পরিষদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবকে সদস্য করা হয়েছে।

একই সঙ্গে পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্যসচিব থাকবেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২১ জুন জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিষদ বছরে অন্তত দুইবার সভা করবে। প্রয়োজন হলে অতিরিক্ত সভা আয়োজন করা যাবে। পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে।

নতুন পরিষদে সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব, খাদ্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, বিদ্যুৎ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবেরা।

এ ছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান, এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতিও পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ জাতীয় ওষুধনীতি বাস্তবায়ন, দেশীয় ওষুধশিল্পের উন্নয়ন, দেশের চাহিদা অনুযায়ী ওষুধ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও প্রতি দুই বছর অন্তর তা হালনাগাদ, পাশাপাশি ওষুধ ও কাঁচামাল আমদানি, উৎপাদন ও রপ্তানিসংক্রান্ত নীতিগত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!