জাতীয়

মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: মন্ত্রী

আপডেট: জুলা ০৩, ২০২৬ : ০৫:১৬ পিএম
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: মন্ত্রী

গভীর সমুদ্রে মৎস্য আহরণে দেশের সক্ষমতা বাড়াতে এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উন্নীত করার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি পরিদর্শনকালে কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বিশাল সমুদ্রসীমার সম্পদ আহরণ, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তুলতে মেরিন ফিশারিজ একাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বমানের মেরিন পেশাজীবী তৈরির উপযোগী করে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

তিনি আরও বলেন, একাডেমির বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতাগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, যাতে দেশের ব্লু ইকোনমির বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম এবং একাডেমির অন্যান্য কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, আধুনিক মৎস্য প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে মেরিন ফিশারিজ একাডেমির সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!