জাতীয়

ধনবাড়ী–মধুপুরের সব উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে: আইসিটি মন্ত্রী

আপডেট: জুলা ০৩, ২০২৬ : ০৫:২০ পিএম ১০
ধনবাড়ী–মধুপুরের সব উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে: আইসিটি মন্ত্রী

ধনবাড়ী ও মধুপুর উপজেলার সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেছেন, এলাকার রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

আজ শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ধনবাড়ী–মধুপুরের মানুষের ভোট ও আস্থার কারণেই তিনি সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। জনগণের সেই আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চান। সরকার দায়িত্ব গ্রহণের পরপরই উন্নয়ন কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে এলাকার অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা হবে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত কোনো প্রকল্পে নিম্নমানের কাজ বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে স্থানীয় জনগণকে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ধনবাড়ী ও মধুপুরে চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও জুয়ার কোনো স্থান হবে না। অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন, যেখানে নারী, শিশু ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা ও বসবাস করতে পারবেন।

এর আগে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ধনবাড়ী নবাব ঈদগাহ ও খেলার মাঠে মাটি ভরাট কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুধীজন এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!