জাতীয়

অসহায় রোগীদের ডায়ালাইসিস ব্যয় কমাতে সহযোগিতা প্রয়োজন: ত্রাণমন্ত্রী

আপডেট: জুলা ০৩, ২০২৬ : ০৫:২২ পিএম ১১
অসহায় রোগীদের ডায়ালাইসিস ব্যয় কমাতে সহযোগিতা প্রয়োজন: ত্রাণমন্ত্রী

দরিদ্র ও অসহায় কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে সরকার ও সমাজের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ডায়ালাইসিসের খরচ অনেক রোগীর জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। তাই এ ব্যয় কমানোর পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে।

শুক্রবার লালমনিরহাট শহরের ডা. সেলিমা ডায়াবেটিস হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশের উদ্যোগে নবনির্মিত ডায়ালাইসিস কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কিডনি রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই। চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই বেশি কার্যকর। তাই এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, লালমনিরহাটে আধুনিক ডায়ালাইসিস কেন্দ্র চালু হওয়ায় এ অঞ্চলের রোগীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এখন থেকে রোগীদের ডায়ালাইসিস করাতে দূর-দূরান্তে যেতে হবে না; স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা পাওয়া যাবে।

আসাদুল হাবিব দুলু জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুর পুষ্টি, নিরাপদ খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবেন।

লালমনিরহাটে একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাজারে রাসায়নিকযুক্ত খাদ্যের ব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। তাই নিরাপদ খাদ্য গ্রহণ ও সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবারের সবাইকে কিডনি রোগ প্রতিরোধে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শহিদুল ইসলাম সুগম, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির এডহক কমিটির সদস্যসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নেয়ামুল ইসলাম ফাতেমী এবং সোনার বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. আবু হেনা মোস্তফা কামালসহ অন্যরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!