স্বাধীন গণমাধ্যম এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ব্যবস্থার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে।
আজ শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রায় ২৪ বছর আগে ‘সময়ের সঙ্গে আগামীর পথে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও যুগোপযোগী অনুষ্ঠানমালার মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। দেশের পাশাপাশি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কাছেও চ্যানেলটি গ্রহণযোগ্যতা পেয়েছে।
তিনি বলেন, অতীতে দেশে গণতন্ত্র রক্ষা ও প্রতিষ্ঠার আন্দোলনে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এনটিভির বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা, সাংবাদিক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করে প্রতিমন্ত্রী তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, দেশের গণমাধ্যমের বিকাশ এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার গণমাধ্যমের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!