জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী

আপডেট: জুলা ০৩, ২০২৬ : ০৫:৩২ পিএম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে তিনি মাদক ব্যবসা থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

আজ শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সরকার যেমন তৎপর, তেমনি জনগণের সহযোগিতাও প্রয়োজন।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এখন দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীরা আর্থিক সহায়তা পাচ্ছেন। প্রয়োজনীয় ব্যয় মেটানোর পাশাপাশি অনেকে সঞ্চয়ও করতে পারছেন, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে।

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!