জাতীয়

পটুয়াখালীতে টানা বৃষ্টি, উত্তাল সাগর; চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আপডেট: জুলা ০৫, ২০২৬ : ০৫:২২ এএম
পটুয়াখালীতে টানা বৃষ্টি, উত্তাল সাগর; চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থানে রোববার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

একই সঙ্গে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সমুদ্রে বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে এবং তা উপকূলে আছড়ে পড়ছে। স্বাভাবিকের তুলনায় নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে পরবর্তী সতর্কবার্তা অনুসরণ করতে উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান–সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!