জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস)–এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এ সম্মেলনে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
রোববার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
৭ ও ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’—এই তিনটি বিষয়ে আলোচনা হবে। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও যোগ দেবেন তিনি।
সফরকালে জাতিসংঘের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো।
এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ পুলিশ ও সামরিক বাহিনী প্রেরণকারী দেশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এবারের সম্মেলন শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!