জাতীয়

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

আপডেট: জুলা ০৫, ২০২৬ : ০৫:৩২ এএম
কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা গড়ে তুলতে মাধ্যমিক পর্যায়েই কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিদ্যালয়ের নবনির্মিত একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল চালুর পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নোয়াখালী-লক্ষ্মীপুর রেললাইন প্রকল্পের প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে। শিগগিরই এটি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চন্দ্রগঞ্জসহ লক্ষ্মীপুর জেলার মানুষ সরাসরি এর সুফল ভোগ করবেন।

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অবকাঠামো উন্নয়নে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে এবং এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে কাজ চলছে।

অনুষ্ঠানে প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!