চাকরির পেছনে ছুটে না গিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং পর্যটনের বিকাশ ঘটিয়ে ময়মনসিংহকে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা সম্ভব।
রোববার বিকেলে ময়মনসিংহে প্রতিজ্ঞা যুব সংঘ আয়োজিত ‘ময়মনসিংহের টেকসই উন্নয়ন: যুব সমাজের ভূমিকা, চ্যালেঞ্জ, সম্ভাবনা’ শীর্ষক তারুণ্যের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, মৎস্য, বনজ সম্পদ এবং ব্রহ্মপুত্র নদকে ঘিরে ময়মনসিংহের রয়েছে বিপুল সম্ভাবনা। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে যুবসমাজকে দক্ষ ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে সামাজিক ন্যায়বিচার, সুশাসন, পরিবেশের ভারসাম্য এবং মানবিক মূল্যবোধও সমানভাবে জড়িত। তাই উন্নয়নের নেতৃত্বে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রিন্স বলেন, ব্রহ্মপুত্র নদ রক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো জরুরি। পরিবেশ রক্ষা ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না।
ময়মনসিংহ জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ ও প্রতিজ্ঞা যুব সংঘের সভাপতি মামুন মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, যুব সংগঠক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!