পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী এ শোক ও সংহতির বার্তা জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি ইরান কৃতজ্ঞ।
পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। দুই দেশ ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!