রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। তাই গ্রামাঞ্চলের উন্নয়ন নিশ্চিত না হলে জাতীয় অগ্রগতি টেকসই হবে না।
আগামীকাল প্রথমবারের মতো পালিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। এই বৃহৎ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তবে শহরকেন্দ্রিক উন্নয়ন এবং সীমিত বিকেন্দ্রীকরণের কারণে গ্রামীণ অবকাঠামো ও উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।
তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন একটি ইতিবাচক উদ্যোগ। এ উপলক্ষে তিনি পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং একটি আত্মনির্ভর বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পল্লী উন্নয়নের ভিত্তি তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, নারী ও যুব উদ্যোক্তা তৈরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলা সম্ভব।
বাণীতে রাষ্ট্রপতি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!