স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী। অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহসহ জনসেবামূলক বিভিন্ন খাতে সংস্থাটির অবদান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ রোববার সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। জাইকার কারিগরি সহায়তা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এ বৈঠক বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং স্থানীয় সরকারসহ বিভিন্ন উন্নয়ন খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!