‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রোববার প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডের মোড়ক উন্মোচন করেন। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের অর্থনীতি ও উন্নয়নে গ্রামীণ জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং দিবসটির গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সকাল ৯টায় রাজধানীর সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে সংস্থাটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে জনসচেতনতা বাড়াতেই জাতীয়ভাবে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!