জাতীয়

সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স

আপডেট: জুলা ০৬, ২০২৬ : ০৬:৪১ এএম
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আমন্ত্রণপত্রটি তাঁর হাতে তুলে দেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান। হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এ সফরের সূচি নির্ধারণ করা হবে। গ্রীষ্মকাল শেষে সফরটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, সৌদি রাষ্ট্রদূত সাক্ষাৎকালে আরও জানিয়েছেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও বাংলাদেশ সফরে আগ্রহী। সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার এ সম্পর্ককে আরও জোরদার করে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করতে চায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সৌদি ক্রাউন প্রিন্সের সফরের আমন্ত্রণ এবং একই সঙ্গে তাঁর বাংলাদেশ সফরে আগ্রহ—দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পারস্পরিক আগ্রহেরই প্রতিফলন। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!