ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫০ বাংলাদেশি দেশে ফিরেছেন। রোববার রাত ১০টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করা হয়।
ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাঁদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ প্রথমে বাংলাদেশিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাঁদের বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে বুঝিয়ে দেয়। বিজিবি প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ফিরোজ মাহমুদ বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে গিয়েছিলেন তাঁরা। সেখানে বিভিন্ন বাসাবাড়ি, পোশাক কারখানা ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।
তিনি বলেন, কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার সহায়তায় তাঁরা শেল্টার হোমে ছিলেন। পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পান।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইট যশোর বাকি ২৫ জনকে গ্রহণ করে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসা ব্যক্তিদের প্রথমে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। প্রয়োজনীয় সহায়তা ও আনুষ্ঠানিকতা শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!