জাতীয়

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, সদস্য হলেন আতিকুর রহমান রুমন

আপডেট: জুলা ০৬, ২০২৬ : ০৬:৫৩ এএম
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, সদস্য হলেন আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য করে ১১ সদস্যের প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫–এর উপ-অনুচ্ছেদ ৪.১ অনুযায়ী নতুন এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও)। সদস্যসচিব করা হয়েছে তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল)কে।

কমিটির অন্য সদস্যরা হলেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব, সাংবাদিক কাদের গনি চৌধুরী, খুরশীদ আলম, মো. শফিকুল ইসলাম (শফিক আহমেদ), উম্মে মারুফা এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে কার্ডসংক্রান্ত আপত্তি ও অভিযোগের শুনানি ও নিষ্পত্তি করবে।

এ ছাড়া প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সরকারকে সুপারিশ করবে কমিটি। অফিস আদেশে আরও বলা হয়েছে, নতুন কমিটি গঠনের ফলে এ বিষয়ে পূর্বে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!