সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা এবং টেকসই সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে বাংলাদেশ।
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং দেশের সামুদ্রিক আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।
সোমবার লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজের কাছে আনুষ্ঠানিকভাবে কনভেনশনগুলোতে যোগদানের দলিল হস্তান্তর করেন নৌপরিবহনমন্ত্রী।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করা, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং দায়িত্বশীল সামুদ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে এ কনভেনশনগুলোতে যোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ যে তিনটি আন্তর্জাতিক কনভেনশনে অনুসমর্থন দিয়েছে, সেগুলো হলো—আন্তর্জাতিক তেল দূষণজনিত ক্ষতির জন্য দায়বদ্ধতা বিষয়ক ১৯৯২ সালের সিএলসি প্রোটোকল, বাঙ্কার তেল দূষণজনিত ক্ষতির জন্য দায়বদ্ধতা বিষয়ক ২০০১ সালের বাঙ্কার কনভেনশন এবং ২০০৭ সালের নাইরোবি রেক রিমুভাল কনভেনশন।
মন্ত্রণালয়ের ভাষ্য, প্রতিদিন শত শত জাহাজ বাংলাদেশের জলসীমা অতিক্রম করে বা দেশের বন্দরে আসে। এ কারণে তেল নিঃসরণ, বাঙ্কার জ্বালানিজনিত দূষণ ও জাহাজডুবির মতো দুর্ঘটনার ঝুঁকি থাকে। নতুন কনভেনশনগুলোর আওতায় এসব দুর্ঘটনায় দায় নির্ধারণ, বাধ্যতামূলক বীমা এবং ক্ষতিপূরণের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা সহজ হবে।
এতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজকে আর বিদেশি নৌ প্রশাসনের কাছ থেকে কনভেনশন সনদ সংগ্রহ করতে হবে না। ফলে সময় ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি আন্তর্জাতিক চার্টারার, বীমা প্রতিষ্ঠান ও বন্দর কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের জাহাজের গ্রহণযোগ্যতা বাড়বে। একই সঙ্গে বিদেশি বন্দরে অপ্রয়োজনীয় পরিদর্শন ও বাণিজ্যিক বিলম্বও কমবে।
অনুষ্ঠানে যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় জানায়, বিশ্বের শতাধিক দেশ ইতোমধ্যে এসব কনভেনশনের সদস্য। বাংলাদেশের অনুসমর্থনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামুদ্রিক কাঠামোর সঙ্গে দেশের সামঞ্জস্যতা আরও জোরদার হলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!