জাতীয়

রাবির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য: ভূমিমন্ত্রী মিনু

আপডেট: জুলা ০৭, ২০২৬ : ০৫:৪৯ এএম
রাবির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য: ভূমিমন্ত্রী মিনু

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেশের শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব তৈরিতে বিশ্ববিদ্যালয়টির অবদানও গুরুত্বপূর্ণ।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

মন্ত্রী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁদের ভূমিকা ছিল, বিশেষ করে মাদার বখশের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন চাহিদার বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, হল ও একাডেমিক ভবনসহ বিভিন্ন সংকটের বিষয়গুলো তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।

রাবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ইচ্ছার কথাও জানান ভূমিমন্ত্রী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান হিসেবে পরিচিত বড়কুঠি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি তহবিলের জন্য এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

রাবির উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!