জাতীয়

টানা বৃষ্টিতে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালী বন্ধ

আপডেট: জুলা ০৮, ২০২৬ : ০৫:৪৩ এএম
টানা বৃষ্টিতে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালী বন্ধ

টানা ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা, দুর্ঘটনার ঝুঁকি এবং যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

একই সঙ্গে সাজেকের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙ্গামাটি জেলায় চলমান ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়ধস, ভূমিধস ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হবে।

এ সময় সাজেকের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এ ছাড়া রাঙ্গামাটি জেলায় চলাচলের ক্ষেত্রে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!