জাতীয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট: জুলা ০৯, ২০২৬ : ০৫:২০ এএম
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সাক্ষাতে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দুই দেশের বাণিজ্য ও শিক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্যে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের আত্মকর্মসংস্থানের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের হাতে তৈরি পণ্য পাকিস্তানে রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির বিষয়ে পাকিস্তানকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, পাকিস্তানে বাংলাদেশি পণ্যের জন্য ১০ হাজার টন পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানির সুবিধা রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ইমরান হায়দার আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গেছেন। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবদের একটি প্রতিনিধিদলও একাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের স্কলারশিপের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!