জাতীয়

ভারী বর্ষণ: ১২ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

আপডেট: জুলা ০৯, ২০২৬ : ০৫:২৪ এএম
ভারী বর্ষণ: ১২ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

টানা ভারী বর্ষণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই (রোববার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গত ৬ জুলাই জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসন ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

এ ছাড়া আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!