জাতীয়

অতিবৃষ্টিতে মাগুরায় কালভার্ট ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৫:০৬ এএম
অতিবৃষ্টিতে মাগুরায় কালভার্ট ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

টানা বৃষ্টিতে খালের পানির প্রবল স্রোতে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়েছে। এতে সড়কের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে কালভার্টটি ধসে পড়ে। এর পর থেকেই কয়েকটি গ্রামের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে খালের পানির প্রবাহ দ্রুত বেড়ে যায়। দুপুরে প্রবল স্রোতের চাপে কালভার্টের নিচের অংশে ধস শুরু হয়। পরে পুরো কালভার্টটি ভেঙে পড়লে সড়কের প্রায় ৩০ ফুট অংশও ধসে যায়।

কালভার্টটি ভেঙে যাওয়ায় প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী শত শত মানুষকে এখন বিকল্প দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত ব্যয় বেড়েছে। অনেকেই ঝুঁকি নিয়ে খাল পারাপারের চেষ্টা করছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, কয়েক মাস আগে সড়কটির সংস্কারকাজ শেষ হলেও এত অল্প সময়ের মধ্যে কালভার্ট ধসে পড়া উদ্বেগজনক। দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা ও নতুন একটি টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানান তিনি।

সমাজসেবক শাহ নেওয়াজ বলেন, এটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং স্থায়ীভাবে মানসম্মত কালভার্ট নির্মাণ না হলে শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ জনজীবনে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে।

এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে নতুন একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!