জাতীয়

আজ আবার খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৫:২৭ এএম
আজ আবার খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স আজ দ্বিতীয়বারের মতো খুলে প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে উচ্চপর্যায়ের কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হবে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণে দানবাক্স খুলে অর্থ গণনার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দানের অর্থ প্রকাশ্যে গণনা করা হবে। গণনা শেষে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে সোনালী ব্যাংকে হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে খোলা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকার ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বাধীন এ কমিটিকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে মাজারের অর্থ ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিচালনা কাঠামো নিয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সময় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়। পরে ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে সেগুলো খুলে অর্থ গণনা করা হয়।

সেদিন দানবাক্স ও ডেগ থেকে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার হয়। পরে ওই অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা হিসাবে জমা রাখা হয়।

মাজারের দান ব্যবস্থাপনায় প্রশাসনের এই উদ্যোগকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা হলেও জেলা প্রশাসন বলছে, দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!