ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টার কিছু পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম। হাসপাতালসংলগ্ন ফুটপাত থেকে অস্থায়ী দোকান, ভ্রাম্যমাণ হকার ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ায় এলাকায় যানজটও তুলনামূলক কম দেখা যায়।
সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে ঢাকা মেডিকেলের উদ্দেশে রওনা হয়। শহীদ মিনার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!