জাতীয়

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৫:৩৪ এএম
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয় ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে।

শুক্রবার (১০ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বন্যাকবলিত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের ত্রাণ মজুত এবং চলমান উদ্ধার কার্যক্রম পর্যালোচনা করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এ ছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিতকরণ এবং ত্রাণ কার্যক্রমের অগ্রগতি তদারকির দায়িত্বও পালন করবেন তিনি। বন্যা পরিস্থিতি ও সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত প্রতিবেদনও সরকারের কাছে উপস্থাপন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো দায়িত্ব পালনে প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সাম্প্রতিক দুর্যোগে পাহাড়ধস, দেয়ালধস ও পানিতে ডুবে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!