কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দ্রুত বাড়তে থাকা বৈশ্বিক বিনিয়োগ বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা সামাল দিতে সহায়তা করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের ফলে বৈশ্বিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে।
আইএমএফের সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, চলতি বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে নেমে আসতে পারে, যা গত বছর ছিল ৩ দশমিক ৫ শতাংশ। তবে ২০২৭ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি আবারও বাড়তে পারে এবং তা ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। তবে প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট বিনিয়োগ বিশ্ব অর্থনীতিকে প্রত্যাশার তুলনায় বেশি স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে।
আইএমএফের পর্যবেক্ষণে উঠে এসেছে, এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর (চিপ) ও সংশ্লিষ্ট হার্ডওয়্যার উৎপাদন ও রপ্তানিতে এগিয়ে থাকা তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার অর্থনীতি প্রত্যাশার তুলনায় দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেট, অ্যামাজন, মেটা এবং মাইক্রোসফট সম্মিলিতভাবে এআই খাতে প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। এই বিনিয়োগ বৈশ্বিক প্রযুক্তি বাজার ও সরবরাহ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছে আইএমএফ।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সেমিকন্ডাক্টর শিল্পে শক্তিশালী চাহিদার কারণে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছরে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে, যা এপ্রিল মাসে দেওয়া পূর্বাভাসের তুলনায় ০ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট বেশি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!