জাতীয়

এআই দক্ষতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: আইসিটি মন্ত্রী

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০১:২৮ পিএম
এআই দক্ষতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: আইসিটি মন্ত্রী
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং গবেষণা-উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

শনিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত নতুন ‘এআই গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও ব্যবসায় বড় ধরনের পরিবর্তন আনছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও দক্ষ প্রযুক্তিকর্মী তৈরি এবং উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।

তার মতে, বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক গবেষণা ল্যাব প্রতিষ্ঠা শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করবে। একই সঙ্গে নতুন নতুন এআইভিত্তিক সমাধান, গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনের সুযোগও বাড়াবে।

তিনি আরও বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করেছে। ভবিষ্যতের কর্মবাজারের চাহিদা পূরণে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।

ফকির মাহবুব আনাম আশা প্রকাশ করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন এআই গবেষণা ল্যাব শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে উদ্ভাবনী প্রযুক্তি বিকাশ এবং গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে।

তিনি বলেন, দেশের তরুণদের প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। আগামী পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্ত্রী জানান, এআই প্রজেক্ট কম্পিটিশনে অংশ নেওয়া ১৪৫টি প্রকল্পের মধ্য থেকে নির্বাচিত সম্ভাবনাময় উদ্যোগগুলোকে আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এআই প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সুবিধা সম্প্রসারণেও সরকার কাজ করছে।

নতুন এআই গবেষণা ল্যাবে ২৫টি NVIDIA DG Spark কম্পিউটিং ইউনিট এবং RTX 3060 ও RTX 4090 জিপিইউসমৃদ্ধ পাঁচটি উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার স্থাপন করা হয়েছে। এখানে পাঁচজন পূর্ণকালীন গবেষক এআইভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন। গবেষণা দল ইতোমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ এবং ‘এআই রেজিস্ট্রার’-এর মতো একাধিক প্রযুক্তি সমাধান তৈরি করেছে। বর্তমানে তারা ‘স্মার্ট ক্লাসরুম’ উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানের শেষ পর্বে মন্ত্রী এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬-এ অংশ নেওয়া ১৪৫টি প্রকল্পের মধ্যে ছয়টি বিভাগে নির্বাচিত ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামস ইকবাল, কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লাসহ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!