ক্রীড়ার মাধ্যমে পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ কর্মকর্তাদের মধ্যে বন্ধুত্ব, সমন্বয় এবং পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 'ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট-২০২৬'।
রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে পেট্রো কোম্পানিজ ইয়ুথ অ্যাসোসিয়েশন (পিসিওয়াইএ)। পেট্রোবাংলার ১৩টি প্রতিষ্ঠানের তরুণ কর্মকর্তাদের সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ১০টি প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করে।
জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) শিরোপা জিতে নেয়। আর গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আইইবির সম্মানী সহ-সাধারণ সম্পাদক (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিওয়াইএর সভাপতি প্রকৌশলী মীর মোবারক হোসেন।
এ সময় পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ অ্যাসোসিয়েশন এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত থেকে অংশগ্রহণকারী দলগুলোকে উৎসাহ দেন।
টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল—সব ধাপেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, অফিসের বাইরেও সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, দলগত নেতৃত্বের বিকাশ এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও তারা জানান।
এই আয়োজন সফল করতে পিসিওয়াইএর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রাফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাহিন আমীর খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জাকিরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ তারেকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।
No comments yet. Be the first to comment!