জাতীয়

ঝুঁকিপূর্ণ পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ঘোষণা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৫:১২ এএম
ঝুঁকিপূর্ণ পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ঘোষণা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিবছর পাহাড়ধসে প্রাণহানি রোধে পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থায়ীভাবে পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এ জন্য সরকার প্রয়োজনীয় জমি ও আবাসনের ব্যবস্থা করবে।

শনিবার রাতে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ১ নম্বর ঝিল এলাকায় ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রামে গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থা ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবিলার চেষ্টা চলছে। তবে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি চট্টগ্রামে এসে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পর্যালোচনা করছেন, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। আশ্রয়কেন্দ্রে যতদিন প্রয়োজন হবে, ততদিন খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আকবরশাহ এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটা ও অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্য বন্ধ করে পাহাড় কাটা কার্যক্রমও বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে ওই এলাকায় নতুন কোনো আবাসন প্রকল্প গড়ে উঠতে দেওয়া হবে না।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ও মেয়র আশ্রয়কেন্দ্রে থাকা নারী, শিশু ও প্রবীণদের খোঁজখবর নেন এবং তাদের হাতে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!