জাতীয়

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৫:১৪ এএম
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন এবং কর্মহীন মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শনিবার দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং ২০০ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয় জোরদার করতে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা অনলাইনেও সভায় যুক্ত হন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমানো সম্ভব। তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে শুধু আশ্রয়ের ব্যবস্থা করলেই হবে না, সেখানে থাকা মানুষের জন্য পর্যাপ্ত খাবার, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে হবে। এসব কার্যক্রম নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসককে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সম্প্রতি সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয় ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!