গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দম্পতি ও তাদের নয় মাস বয়সী সন্তান রয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তাঁর স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাঁদের নয় মাস বয়সী ছেলে নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হাসান স্ত্রী ও সন্তানকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের নয় মাস বয়সী ছেলে নুরের মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্ত ও চালককে আটকের জন্য অভিযান চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!