জাতীয়

মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান ইতিহাসের গৌরবময় অধ্যায়: স্পিকার

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৫:২২ এএম
মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান ইতিহাসের গৌরবময় অধ্যায়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদান জাতির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই রেজিমেন্টের আত্মত্যাগ ও বীরত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং এ ইতিহাসকে রাজনীতির ঊর্ধ্বে রাখা প্রয়োজন।

শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে ‘মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক যতদিন বেঁচে থাকবেন, ততদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন। তিনি দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের ১৮টি জেলা শহরের মধ্যে একমাত্র সিলেট মুক্তিবাহিনী নিজস্ব অভিযানে দখল করেছিল এবং সেই অভিযানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, ১৫ ডিসেম্বর এমসি কলেজ এলাকায় পরিচালিত ওই অভিযানে তিনি দুটি কোম্পানির নেতৃত্বে ছিলেন।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। প্রকৃত মুক্তিযোদ্ধার চেতনা হলো দেশের স্বার্থে সত্য কথা বলার সাহস রাখা।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সৈনিক ও কর্মকর্তা অংশ নিয়েছিলেন, যা জাতির জন্য গর্বের বিষয়। পাকিস্তানি শাসকদের ‘বাঙালিরা মার্শাল রেস নয়’—এই ধারণা মুক্তিযুদ্ধের মাধ্যমে ভুল প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী জনগণের প্রভু নয়, বরং জনগণের সেবক। স্বাধীনতার পর থেকে প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে তারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় একই ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান হয়তো এখনো যথাযথভাবে মূল্যায়িত হয়নি, তবে একদিন দেশের ইতিহাসে জনগণের পক্ষে দাঁড়ানো এসব বীর সেনানীর অবদান যথাযথ স্বীকৃতি পাবে।

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!