জাতীয়

প্রধানমন্ত্রীর বরিশাল সফর কাল, উন্নয়ন ঘোষণার প্রত্যাশায় দক্ষিণাঞ্চল

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৫:৫১ এএম
প্রধানমন্ত্রীর বরিশাল সফর কাল, উন্নয়ন ঘোষণার প্রত্যাশায় দক্ষিণাঞ্চল

প্রথমবারের মতো আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সফরসূচি অনুযায়ী, সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল নগরের বেলস পার্ক এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরকালে শীর্ষ আলেম-ওলামাদের সঙ্গেও দেশের সামগ্রিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে কয়েকটি দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্প। এর মধ্যে ঢাকা–বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা–বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো প্রকল্পে সরকারের অবস্থান জানতে আগ্রহী স্থানীয়রা।

তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে। একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যও অনেকাংশে দূর হবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি শেষ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা, যান চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।

এদিকে সফরকে ঘিরে নগরের বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল, গণসংযোগ ও প্রচার কার্যক্রম চলছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ।

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতিদিনই বিভিন্ন উপজেলায় স্বাগত কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন বলেন, বরিশালবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। তাঁর এই সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশা করছেন।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়দের মতে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর রাজনৈতিক ও উন্নয়ন—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিনের অবকাঠামোগত প্রকল্পগুলো নিয়ে সুস্পষ্ট ঘোষণা এলে দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!