জাতীয়

পাঁচ দিন পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৬:২৯ এএম
পাঁচ দিন পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রেললাইন প্লাবিত হওয়ায় গত ৭ জুলাই থেকে এ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস আজ চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেছে। এখন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ রুটের সব ট্রেন চলাচল করবে।

রেলওয়ে সূত্র জানায়, প্লাবিত রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে ব্যালাস্ট ফেলে লাইন উঁচু করা হয়েছে। ফলে ট্রেন চলাচলে আর কোনো বাধা থাকার কথা নয়।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গত ৭ জুলাই চট্টগ্রাম ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী রেললাইন পানির নিচে তলিয়ে যায়। রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে যাওয়ায় প্রথমে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতির অবনতি হলে কক্সবাজারগামী ট্রেনগুলো ফিরিয়ে নেওয়া হয় এবং পরদিন থেকে এ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

পাঁচ দিন পর রেললাইন মেরামত ও নিরাপদ ঘোষণা করার পর আজ থেকে আবারও চট্টগ্রাম–কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হলো। এতে পর্যটক ও সাধারণ যাত্রীদের ভোগান্তির অবসান হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!